দেশের পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। গতকাল ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে ট্যুরিস্ট পুলিশ আয়োজিত ‘এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি ইন ট্যুরিজম: রেসপনসিবিলিটি অব পুলিশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেকসই পরিবেশ সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে দেশী-বিদেশী পর্যটক আকর্ষণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্যুরিস্ট পুলিশ পর্যটন বিভাগ, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটর, স্থানীয় জনসাধারণ এবং এনজিওর সঙ্গে যৌথভাবে কাজ করছে। আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন খাত প্রভাবকের ভূমিকা পালন করে। টেকসই পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সবাইকে সচেতন হতে হবে।’ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব।