ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, প্রথমে হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে অসামঞ্জস্যতা থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। পরে সংশোধিত কাগজপত্র জমা দিলে কমিশন তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে।
আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র বাছাইয়ের ফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তা মান্নার মনোনয়নপত্র স্থগিত রাখার কথা জানান। সে সময় জানানো হয়, মান্নার জমা দেয়া হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে কিছু গরমিল রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মান্নার প্রতিনিধিরা প্রয়োজনীয় সংশোধনীর জন্য সময় চাইলে রিটার্নিং কর্মকর্তা এক ঘণ্টা সময় মঞ্জুর করেন। পরে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক কাগজপত্র জমা দেয়া হলে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এর আগেও তিন-চারবার নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু এবারকার পথ এত কঠিন হবে, তা আগে কখনো দেখিনি। আজ নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছে—এ জন্য আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই।










