রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বৃহস্পতিবার বিকালে ভাঙচুরের ঘটনায় অন্তত ১৫ জনকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বণিক বার্তাকে জানান, বিকালে হঠাৎ কিছু লোক বিটিআরসি ভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। হামলায় বিটিআরসি ভবনের সামনের গ্লাস (কাঁচ) ভেঙে গেছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় অন্তত ১৫ জনকে আমরা হেফাজতে নিয়েছি। যাচাই-বাছাইয়ের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার দেখানো হবে। বিটিআরসি মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিটিআরসি জানায়, মোবাইল ফোন ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে স্টকে থাকা ফোনের আইএমইআই নম্বর জমা দেয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। সে ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিন থেকেই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) পূর্ণাঙ্গভাবে কার্যকর করেছে বিটিআরসি। এর কারণে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া যেকোনো অবৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বণিক বার্তাকে বলেন, এনইআইআর চালু নিয়ে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমদানি শুল্ক কমানো, আমদানি প্রক্রিয়া সহজ করা, অবৈধ হ্যান্ডসেট বৈধ করার সময় বাড়ানো এবং এনইআইআর বাস্তবায়ন ১৫ দিন পিছিয়ে দেয়া হয়। এমনকি অনানুষ্ঠানিকভাবে আনা ফোনও নিবন্ধনের সুযোগ দেয়া হয়। এরপরও তারা বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর করেছে। মূলত প্রতিবেশী দেশ থেকে চুরি হওয়া পুরোনো ফোন এনে বিক্রির সুযোগ বন্ধ হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে।

হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান জানান, কারা হামলা করেছে সেটার সিসিটিভি ফুটেজ আছে। সেগুলো পুলিশকে দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। অনেককে আটকও করা হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে মামলা করব, প্রক্রিয়া চলছে।