বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জনের পাশাপাশি সরকারের অর্থায়ন ও নিজস্ব তহবিল ব্যবহার করে আগামী ছয় মাসের মধ্যে আরো তিনটি নতুন জাহাজ অধিগ্রহণের মাধ্যমে বহর সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২২ ডিসেম্বর) নগরীর বোট ক্লাবে অনুষ্ঠিত বিএসসির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বিএসসির এমডি কমডোর মাহমুদুল মালেক, বিএসসি পরিচালনা পর্ষদের সদস্য এবং শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে যে টার্মিনাল প্রকল্পে ব্রেকওয়াটার ও চ্যানেল ড্রেজিং কাজ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। কারণ বিলম্ব হলে ঋণ ল্যাপস হওয়ার ঝুঁকি রয়েছে। এ জন্য ব্রেকওয়াটারের নকশা ও ব্যয় কমানোর বিকল্প নিয়ে কারিগরি আলোচনা চলছে, যাতে প্রকল্প ব্যয় ও ঋণের পরিমাণ কমানো যায়। নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে ফেব্রুয়ারি–মার্চের মধ্যে কাজ শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিএসসি নিজস্ব অর্থায়নে নতুন বাল্ক ক্যারিয়ার জাহাজ বহরে যুক্ত করেছে এবং জ্বালানি নিরাপত্তা ও কনটেইনার পরিবহন সক্ষমতা বাড়াতে মুড অয়েল ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার ও কনটেইনার জাহাজ সংগ্রহ ও নির্মাণের একাধিক উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

তিনি আরো বলেন, কাস্টমসসংক্রান্ত জটিলতার কারণে বন্দরে কনটেইনার, বাল্ক, ডেঞ্জারাস কার্গো দীর্ঘদিন আটকে থাকায় তীব্র কনজেশন, প্রশাসনিক জটিলতা ও নিরাপত্তা সমস্যা তৈরি হয়েছে। কাস্টমসের সঙ্গে একাধিক বৈঠকে অনেক বিষয় পরিষ্কার হলেও গুরুত্বপূর্ণ সমস্যা এখনো রয়ে গেছে। এসব বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা শেষে ২৮ তারিখে ঢাকায় এনবিআর ভবনে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠকে কাস্টমস ও বন্দর উন্নয়ন–সংক্রান্ত সমস্যা ও বাস্তবসম্মত সমাধান প্রস্তাব উপস্থাপন করা হবে। একই সঙ্গে বন্দরের অপারেশনাল দক্ষতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, জাহাজ হ্যান্ডলিং সময় প্রায় শূন্যে নেমে এসেছে এবং প্রয়োজনে এ সুবিধার সময়সীমা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, গত জুনে শেষ হওয়া অর্থবছরে কর সমন্বয়ের পর বিএসসির নিট মুনাফা হয়েছে ৩০৬ দশমিক ৫৬ কোটি টাকা, যা গত ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৪–২৫ অর্থবছরে বিএসসির পরিচালন আয় ছিল ৫৬০ দশমিক ৯৮ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয়েছে প্রায় ২০৭ দশমিক ৩০ কোটি টাকা। সব মিলিয়ে মোট আয় দাঁড়ায় ৭৬৮ দশমিক ২৮ কোটি টাকা। অন্যদিকে পরিচালন ব্যয় ছিল ২৮৬ দশমিক ৬২ কোটি টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় ছিল ১২৬ দশমিক ৪৫ কোটি টাকা। ফলে মোট ব্যয় হয় ৪১৬ দশমিক ২৭ কোটি টাকা।

তিনি আরো বলেন, ২০২৩–২৪ অর্থবছরে বিএসসির মোট আয় ছিল ৫৫৯ দশমিক ১৮ কোটি টাকা, মোট ব্যয় ছিল ৩১১ দশমিক ৫৯ কোটি টাকা এবং কর সমন্বয়ের পর নিট মুনাফা হয়েছিল ২৪৯ দশমিক ৬৯ কোটি টাকা। সে হিসাবে ২০২৪–২৫ অর্থবছরে বিএসসির নিট আয় বেড়েছে প্রায় ৫৬ দশমিক ৮৭ কোটি টাকা। এছাড়া ২০২৪–২৫ অর্থবছরের নিট মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়েছে।