ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা’ শীর্ষক উপস্থাপনা করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আজ মঙ্গলবার মিরপুর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও পুলিশের মোট ৩৫৩ কর্মকর্তা অংশ নেন।
উপস্থাপনায় মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বাহিনীর অবদান এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণে এর ভূমিকা তুলে ধরেন। তিনি শান্তি ও যুদ্ধাবস্থায় বাহিনীর সদস্যদের মোতায়েন পরিকল্পনা, দায়িত্ব, সাংগঠনিক কাঠামো, সক্ষমতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা, নির্বাচনকালীন দায়িত্ব পালন, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে। তৃণমূল পর্যন্ত বিস্তৃত এ বাহিনী জাতীয় নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।
বক্তৃতা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে দেশী-বিদেশী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।










