সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে জীবন দেয়া সবার জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় শুক্রবার (৩০ মে) পূর্ব লন্ডনের একটি হলে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাহফিলে দোয়া প্রার্থনা করেন তিনি।

এ সময় তারেক রহমান বলেন, আমরা যেন সব শহীদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি, সে জন্য সবাই দোয়া করবেন। সন্তান হিসেবে আমি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাই। সেই সঙ্গে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের জন্য দোয়া চাই।

তিনি আরো বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছিল। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপিসহ বহু রাজনৈতিক দলের নেতাকর্মী এমনকি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ হয়েছেন। হাজারো মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন।

জুলাই-আগস্টের আন্দোলনের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, বিশেষ করে আমরা যদি জুলাই-আগস্টের আন্দোলনের দিনগুলোর কথা মনে করি তাহলে আমরা দেখব, সেই পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য মানুষকে হত্যা করেছে, বহু মানুষের দৃষ্টি কেড়ে নিয়েছে। জাতিসেংঘের হিসাবে ৬৬ জন শিশুকে হত্যা করা হয়েছে। আমরা এসব মানুষের জন্য দোয়া করব।

সবার প্রতি অনুরোধ করে তিনি বলেন, যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে আমরা দেশকে গতে তুলতে পারি সে জন্য দোয়া করবেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ।