২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেটে গৃহকর্মী হিসেবে নারীদের অস্বীকৃত বা অবৈতনিক সেবামূলক কাজকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়ার ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকালে দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, ‘কর্মজীবী নারীর পাশাপাশি অনেক নারী গৃহকর্মী হিসেবে তাদের শ্রম এবং সময় উৎসর্গ করছেন। কিন্তু তাদের এ গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রায়শই যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। আমি সরকার এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে তাদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপিতে যোগ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদ্ধতিগত পদক্ষেপ নেয়া হবে।’

বাজেটে নারীর এ অস্বীকৃত কাজের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘মানুষের জন্য ফাউন্ডেশন ১৫ বছর ধরে নারীর অস্বীকৃত কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। স্যাটেলাইট অ্যাকাউন্টের মাধ্যমে এই কাজের মূল্য নির্ধারণ করে জাতীয় আয় বা জিডিপিতে অন্তর্ভুক্ত করা গেলে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। এই স্বীকৃতি নারীর মর্যাদা বৃদ্ধি করবে, তার প্রতি বিদ্যমান নেতিবাচক মনোভাব পরিবর্তনে সহায়তা করবে।’

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক জরিপ অনুযায়ী, নারীর অবৈতনিক সেবামূলক কাজের আর্থিক মূল্য তাদের বেতনভুক্ত শ্রম থেকে প্রাপ্ত আয়ের চেয়ে ২ দশমিক ৫ থেকে ২ দশমিক ৯ গুণ বেশি।