দেশের প্রতিটি অঞ্চলে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সবার জন্য ইন্টারনেট শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, উপকূলীয় ও মৎস্য খাতে নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ জরুরি। বিশেষ করে সমুদ্রে থাকা জেলেদের জন্য ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা, ডাকাতি প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ ব্যবস্থায় উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা চালুর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
তিনি বলেন, পর্যটননির্ভর এলাকা হিসেবে কক্সবাজারে আধুনিক ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ চলছে। এরই মধ্যে বিমানবন্দর ও রেলস্টেশনে বিনা মূল্যে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণ জরুরি। এজন্য বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা, অবকাঠামো উন্নয়ন এবং সেবাগুলো সহজলভ্য করতে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়দের সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, পরিচ্ছন্নতা, পর্যটকবান্ধব আচরণ ও ইতিবাচক মনোভাব কক্সবাজারের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য মানুষের দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছে দেয়া। এজন্য উপজেলা পর্যায় পর্যন্ত ইন্টারনেট বিস্তার এবং তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের টেলিযোগাযোগ সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের সেবা বিলম্বসহ বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, কক্সবাজারে বিনা মূল্যের ইন্টারনেট সেবা সম্প্রসারণ এবং মোবাইল নেটওয়ার্ক উন্নয়নে কাজ চলবে। ধাপে ধাপে বিনিয়োগ ও পরিকল্পনার মাধ্যমে সেবার মান আরো বাড়ানো হবে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় সুশীল সমাজ, বিভিন্ন অংশীজন, গণমাধ্যমকর্মী ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন এবং মতামত তুলে ধরেন।
পরে মন্ত্রী ও উপদেষ্টা কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এতে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সাবমেরিন কেবল, স্যাটেলাইট কোম্পানি এবং ডাক বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান উপস্থিত ছিলেন।










