সেন্ট লুসিয়ায় গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচটি ছিল অজিদের জন্য বাঁচা-মরার। এ ম্যাচেই কিনা ২০৬ রানের টার্গেটের সামনে পড়ে তারা! বিশাল এই রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৮১ রান তুলতে সমর্থ হয় অজিরা। ২৪ রানের এ জয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। তাদের আগে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে শেষ চারের টিকিট।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি দলনায়ক মিচেল মার্শ। যদিও তার পরিকল্পনা পুরোপুরি ভণ্ডুল করে দিয়ে ভারতকে চালকের আসনে বসান অধিনায়ক রোহিত শর্মা। ৪১ বলে ৭ বাউন্ডারি ও ৮ ছক্কায় ৯২ রানের বিস্ফোরক ইনিংস খেলে তিনিই বড় সংগ্রহের ভিতটা গড়ে দেন। এরপর সূর্যকুমার যাদব (১৬ বলে ৩১), শিবম দুবে (২২ বলে ২৮) ও হার্দিক পান্ডিয়ার (১৭ বলে ২৭) ঝড়ো ব্যাটিংয়ে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রানের সৌধ গড়ে ভারত।
রোহিতের সামনে চলতি বিশ্বকাপের প্রথম ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির সুযোগ এসেছিল। যদিও সেঞ্চুরির কাছাকাছি গিয়ে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে যান তিনি। এ স্টার্কের করা ইনিংসের তৃতীয় ওভার থেকে ২৯ রান তুলে নিয়ে ঝড়ের সূচনা করেছিলেন রোহিত।
ইনিংসে মোট ১৫টি ছক্কা মেরেছেন ভারতের ব্যাটাররা। তাদের ঝড়ের কবলে পড়ে মার্কাস স্টয়নিস ৪ ওভারে ৫৬, প্যাট কামিন্স ৪ ওভারে ৪৮, মিচেল স্টার্ক ৪৫ ও অ্যাডাম জাম্পা ৪ ওভারে ৪১ রান খরচ করেন। শুধু জস হ্যাজেলউড ছিলেন মিতব্যয়ী, তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে এক উইকেট নেন।
এই রান তাড়া করতে নেমে ট্রাভিস হেডের (৪৩ বলে ৭৬) দুর্দান্ত এক নকের পরও জিততে পারেনি অজিরা। একটি পর্যায়ে আশা জাগিয়েও শেষ পর্যন্ত তারা ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান তুলতে সমর্থ হয়। অজিদের হারে সেমিফাইনালের আশা বেঁচে থাকল আফগানিস্তান ও বাংলাদেশের। আজ সকালে সুপার এইটের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানিস্তান জিতলে অস্ট্রেলিয়া বিদায় নেবে, আর বাংলাদেশ ১৬০ রান তুলে ৬২ রানের ব্যবধানে জিতলে অজিদের পেছনে ফেলে সেমিতে উঠে যাবে।
ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার সেমিফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এখন আর বড় আশা করে না হয়তো তাদের পাঁড় সমর্থকও। কারণ হলো হট ফেভারিট হয়েও গুরুত্বপূর্ণ ম্যাচে ‘চোক’ করে তারা বারবার। এ প্রোটিয়ারা আরেকটি বড় আসরের সেমিফাইনালে পৌঁছে গেছে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে ৩ উইকেটে হারিয়ে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এইডেন মার্করামের দল। ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে প্রোটিয়ারা।
বৃহস্পতিবার গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ওইদিন সকালে ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি কে হবে তা আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শেষে জানা যাবে। ২৯ জুন শনিবার বার্বাডোজে হবে ফাইনাল।
গতকাল অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে হলো স্নায়ুক্ষয়ী লড়াই। ১৭ ওভারে ১২৩ রানের সংশোধিত টার্গেটে খেলা প্রোটিয়াদের শেষ ১২ বলে প্রয়োজন পড়ে ১৩ রান। ১৬তম ওভারে কেশব মহারাজ সাজঘরে ফিরে গেলে আশা জাগে ক্যারিবীয়দের। ৭ বলে লাগে ৯ রান। ষষ্ঠ বলে বাউন্ডারি মেরে পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে যান কাগিসো রাবাদা। তাতে স্বাগতিকদের আশাও যেন ফিকে হতে থাকে।
শেষ ওভারে দরকার ছিল ৫ রান। ওবেদ ম্যাকয়ের করা প্রথম বলেই মার্কো ইয়ানসেনের ছক্কা! এর মধ্য দিয়ে সব উত্তেজনার অবসান ঘটে। ৩ উইকেট ও ৫ বল হাতে রেখে লক্ষ্যটা টপকে যায় প্রোটিয়ারা। মুহূর্তেই যেন স্তব্ধ হয়ে পড়ল অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা ৮ উইকেটে ১৩৫ রানের সাদামাটা পুঁজি গড়ে। দলের বিপদে দেয়াল হয়ে দাঁড়িয়ে রোস্টন চেজ ৪২ বলে করেন ৫২ রান। ব্রেন্ডন কিংয়ের পরিবর্তে সুযোগ পাওয়া কাইল মায়ার্স ৩৪ বলে করেন ৩৫ রান। দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট।
১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২ ওভার ব্যাট করতেই হানা দেয় বৃষ্টি। ২ ওভারে ২ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। দলের স্কোরটা তখন ১৫/২। ততক্ষণে সাজঘরে ফিরে গেছেন রিজা হেনড্রিক্স ও কুইন্টন ডি কক।
বৃষ্টি থামার পর স্থানীয় সময় রাত পৌনে ১২টায় খেলা পুনরায় শুরু হলে প্রোটিয়াদের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ১৭ ওভারে ১২৩ রান। শুরুতে ২ উইকেট হারালেও অধিনায়ক এইডেন মার্করাম (১৫ বলে ১৮), ট্রিস্টান স্টাবস (২৭ বলে ২৯), হেনরিক ক্লাসেন (১০ বলে ২২) ও মার্কো ইয়ানসেনের (১৪ বলে ২১) ব্যাটে ভর করে কঠিন পরীক্ষা দিয়ে অবশেষে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। দারুণ স্পিন বলে চেজ ১২ রানে তিনটি এবং পেসার আলজারি জোসেফ ও আন্দ্রে রাসেল দুটি করে উইকেট নেন।
টানা সাত জয়ে সেমিফাইনালে উঠেছে প্রোটিয়ারা। ২০১৪ সালের পর এই প্রথম তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ-১-এর রানার্সআপ। এটা মোটামুটি নিশ্চিত যে ভারতের মুখোমুখি হতে হচ্ছে না তাদের। ২৭ জুন সকালে ও রাতে দুটি সেমিফাইনাল। ২৯ জুন ফাইনাল।
এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয়ায় ক্যারিবীয় দ্বীপে দ্বীপে এখন শোক। যদিও দলটির অধিনায়ক রভম্যান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজ দলের উন্নতির প্রশংসাই করলেন। গতকাল হার শেষে পাওয়েল বলেন, ‘আপনি বৃহত্তর চিত্র দেখলে হয়তো বলবেন, আমরা বিশ্বকাপ জিতিনি। সেমিফাইনালে যেতে পারিনি। কিন্তু আমি মনে করি, গত ১২ মাসে আমরা যে ক্রিকেট খেলেছি তা প্রশংসনীয়। আমরা বিশ্বকাপ জিতিনি, কিন্তু অনেক উন্নতি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ঘিরে ক্যারিবীয় অঞ্চলে অনেক উন্মাদনা তৈরি হয়েছে।’









