কুমিল্লার চৌদ্দগ্রামে আজ সোমবার ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এদিন দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে পর্যটকসহ আরো ১০ জন মারা গেছেন। বণিক বার্তার প্রতিনিধিদের পাঠানো তথ্যে এ তথ্য জানা গেছে।
সিলেট প্রতিনিধি জানিয়েছে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার পিয়াইন নদীর নাজিমগড় নৌকাঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ হোসেন রাহি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবীরের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্টে তার মরদেহ ভেসে উঠে। এর আগে রোববার দুপুরে সৈকতের সি-গাল পয়েন্ট এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন আবীর।
পঞ্চগড় প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলার চাকলাহাটে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। আসিফ (১১) ও সাথী আক্তার (৯)। চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় পুকুর ও নদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহান ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (২) এবং মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে শাহাদাত (৬)। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
গাইবান্ধা প্রতিনিধি জানিয়েছেন, জেলার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে সৃজন কুমার (৬) ও বিন্দা রানী (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সৃজন কুমার ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে এবং বৃন্দা রানী বিধান চন্দ্র দাসের মেয়ে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
শেরপুর প্রতিনিধি জানিয়েছেন, শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে গতকাল দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো- উপজেলার ৫ নম্বর গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানাজালা (৯) ও একই গ্রামের নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)।
নেত্রকোনা প্রতিনিধি জানিয়েছেন, ঈদে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালা ও ভাগ্নি। সোমবার বিকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিষমপুরে গ্রামের চিকনি বিলে নৌকাডুবির এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জামিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।










