ডাইনিংয়ে বাধ্যতামূলক খাওয়া ও সান্ধ্য আইন বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের ছাত্রীরা। গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে হলের সামনে তারা অবস্থান ধর্মঘট শুরু করেন। দাবি মেনে নেয়ার শর্তে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত ছাত্রীরা জানান, হল প্রশাসন সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে তাদের ডাইনিংয়ে খেতে বাধ্য করেছে। অন্যথায় তাদের সিট বাতিল করা হবে বলে জানানো হয়। গতকাল বিকালে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আলোচনায় বসেন হল প্রভোস্ট অধ্যাপক ফেরদৌসী মহল। তবে সিদ্ধান্তে না এসেই আলোচনা থেকে চলে যান তিনি।
ছাত্রীদের অভিযোগ, ডাইনিংয়ে দাম বেশি নিয়েও মানসম্মত খাবার পরিবেশন করা হয় না। হলের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, হল প্রভোস্ট গত মাসে নোটিস দিয়ে জানান, মেয়েদের ডাইনিংয়ে খেতে হবে অন্যথায় সিট বাতিল করা হবে। খাবারের দাম কমানো হবে কিছুদিনের মধ্যে। কিন্তু দাম কমানো হয়নি, খাবারের মানও খারাপ। তাই আমরা আন্দোলন করছি।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট ফেরদৌসী মহল বলেন, ‘দীর্ঘদিন হল বন্ধ থাকায় ইলেকট্রিসিটির লাইনসহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তার ওপর গণরুমের পাশে ৪০ জনের রান্নার ব্যবস্থা আছে। সেখানে ১৪০ জন রান্না করছে। এ অবস্থায় রান্না করতে গিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এ আশঙ্কা থেকে এমন নির্দেশ দেয়া।
হল ডাইনিংয়ে খাওয়া বাধ্যবাধকতা প্রশ্নে তিনি বলেন, ‘ডাইনিংয়ে খাবার মানসম্মত ও দাম কম। আমি নিজেই খেয়ে দেখেছি। এছাড়া তারা যদি রান্না করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হয় তার দায় কে নেবে?









