স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে সরকার বিরোধী দলের সবার পরামর্শ গ্রহণ করবে। আজ মঙ্গলবার সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিরোধীদলীয় সবার পরামর্শ আমরা গ্রহণ করব। কিন্তু সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটির জন্য বিরোধী দলের পক্ষ থেকে পাঁচটি নাম দেয়ার কথা ছিল, সেই নামগুলো আমরা পাইনি। আশা করি, পরবর্তী পর্যায়ে তারা হয়তো অনুধাবন করবেন ও নাম দেবেন।
তিনি আরো বলেন, তারা যদি মিটিংয়ে এসে দেয়, ভালো। মিটিংয়ের বাইরে লিখিতভাবে দিলেও আমরা সেটি গ্রহণ করব। আমরা একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই, সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সেই প্রতিবেদন প্রণয়ন করতে চাই।
বিশেষ কমিটির সামনে কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, কমিটির সামনে চ্যালেঞ্জ নেই, প্রত্যাশা আছে। আমরা সবার সঙ্গে আলোচনা করতে চাই। এটাকে চ্যালেঞ্জ বলতে চাই না। আমরা সবার কথা শুনব।
মন্ত্রী বলেন, এত বড় একটা গণ-অভ্যুত্থান সংঘটিত হলো, জাতির প্রত্যাশা অনেক। শহীদদের আকাঙ্ক্ষা ছিল। সেই প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী এ বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও তা টেকসই করতে হলে প্রয়োজনীয় বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা জরুরি।
গত ১৩ জুলাই সালাহউদ্দিন আহমদের সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। বিরোধী দল আপত্তি জানিয়ে এ কমিটিতে যোগ দেয়নি।










