বগুড়ার নন্দীগ্রামে এক চাল ব্যবসায়ীর গুদাম থেকে ৩৪ বস্তা (১ হাজার ৭০০ কেজি) সরকারি চাল জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে চাল ব্যবসায়ী আবুল কালাম পালিয়ে যান।

গতকাল দুপুরে নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন।

জানা গেছে, নন্দীগ্রাম পৌরসভার ভবনের সামনে চাল ব্যবসায়ী আবুল কালামের গুদামে অভিযান চালান নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম। সেখান থেকে ৩৪ বস্তা চাল জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে ভোক্তাদের বিক্রি করা এগুলো ওএমএসের চাল।

নন্দীগ্রাম উপজেলা খাদ্য পরিদর্শক (এলএসডি) আশরাফুল আরেফিন জানান, জব্দকৃত চালগুলো আমাদের জিম্মায় রাখা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। জব্দকৃত ওএমএসের চাল কিনা সে বিষয়ে তদন্ত চলছে।

নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, জব্দকৃত চালগুলো ওএমএসের। অভিযানের বিষয়টি টের পেয়ে ব্যবসায়ী আগেই পালিয়ে গেছেন।