চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ব্যক্তিজীবনে স্ত্রী জান্নাতুন্নেছা ও তিন পুত্রসন্তান রেখে গেছেন তিনি।

অধ্যাপক আনোয়ারুল আজিমের ছেলে চবির আইইআর বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখার আরিফ জানান, বাবার প্রথম জানাজা চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আজ সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। এর তাকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

১৯৫১ সালের ১ মে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল এলাকায় জন্মগ্রহণ করেন উপাচার্য আনোয়ারুল আজিম। ১৯৬৭ সালে সাতকানিয়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিকম ও এমকম সম্পন্ন করেন। পরে ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন।

বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে ২০১১-২০১৫ মেয়াদে দায়িত্ব পালন করেন অধ্যাপক আনোয়ারুল আজিম। ২০০১ সালে উপ-উপাচার্যের দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামের বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন ছিলেন তিনি ।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যানও নির্বাচিত হন।