ভুয়া ডিবি পুলিশ সেজে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে পাঁচজনকে আটক করেছে র‍্যাব-৬। শুক্রবার রাতে পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের হারুন-অর রশিদ ডিগ্রি কলেজের দক্ষিণ পাশের সড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবি পুলিশের পোশাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

গতকাল দুপুরে র‍্যাব-৬-এর খুলনা কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে জানানো হয়, আটককৃতরা ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন নানা অপরাধ করে আসছিলেন।

আটককৃতরা হলেন মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯), শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭)। আটককৃতদের বাড়ি যশোর জেলার বিভিন্ন এলাকায়।

র‍্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ প্রেস বিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার র‍্যাব সদস্যরা সাতক্ষীরা খুলনা সড়কের পাটকেলঘাটার থানার বাইগুনি নামক স্থানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ভুয়া ডিবি পুলিশের পাঁচজনকে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে এবং ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিলেন। তারা নানা অপরাধে জড়িত বলে র‍্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটককৃতদের কাছ থেকে এ সময় একটি পিস্তল, একটি খেলনা পিস্তল, পিস্তলের কাভার দুটি, একটি ওয়াকিটকি সেট, দুটি ডিবি পুলিশের পোশাক, দুটি হ্যান্ডকাফ, পুলিশ ফিল্ডক্যাপ দুটি, পুলিশ বেল্ট একটি, পুলিশের ভুয়া আইডিকার্ড একটি, মোবাইল ফোন চারটি, হ্যান্ডব্যাগ একটি এবং পিস্তল বাঁধার একটি চেইন  উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ থানায় হস্তান্তর করা হয়েছে।