সিলেট সীমান্ত এলাকায় দুদিনে পৃথক অভিযানে মোট সোয়া তিন কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার (১২ সেপ্টেম্বর) পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বিকালে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তামাবিল, পান্থুমাই, সংগ্রাম, বাংলাবাজার এবং মিনাটিলা বিওপির সদস্যরা জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় ক্লপ জি ক্রিম, হোয়াইটটোন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন সাইন ক্রিম, মোস্তাক ফেসওয়াস, নাসির উদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা, চিনি, ট্রাক, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত বালু ভর্তি ডাম্পার আটক করে। এসব মালামালের বাজার মূল্য ৩ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৬৬৫ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে অবৈধ মালামাল জব্দ করা হয়। আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।