রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কোনো ধরনের ঝড়বৃষ্টি ছাড়াই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বাঘাইহাট-মারিশ্যা সড়কে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত ৮টার দিকে বাঘাইহাট-মারিশ্যা সড়কের দুই টিলা নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এরপর থেকে বাঘাইহাট-মারিশ্যা সড়কে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে মোটর-সাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করতে পারছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, আনুমানিক রাত ৮টার দিকে বাঘাইহাট-মারিশ্যা সড়কের দুই টিলা এলাকায় সড়কের উপর পাহাড়ের একটি অংশের মাটি ধসে পড়ে। পরে স্থানীয় ও সেনাবাহিনীর সদস্যরা সড়কের কিছু মাটি সরিয়ে হালকা যানবাহন চলাচলের সুযোগ করে দিয়েছেন। আপাতত ভারী চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, রাত হয়ে যাওয়ায় পুরো সড়কের কাজ করা সম্ভব হচ্ছে না। সকালেই মাটি সরানোর কাজ শুরু হলেই সব ধরনের যান চলাচল করতে পারবে।










