দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানালেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে জ্বালানি বিভাগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

এ সময় সচিব জানান, আজ সকালেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ পেয়েছেন। 

দায়িত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রী ও মন্ত্রণালয়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সুদীর্ঘ চাকরি জীবনের শেষ প্রান্তে এসে যে অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা অর্জন করেছি তা নতুন পদে কাজে লাগিয়ে সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।’

‘সমন্বয় করাটা হবে আমার মূল দায়িত্ব’ উল্লেখ করে মাহবুব হোসেন বলেন, ‘সবার সঙ্গে সব মন্ত্রণালয়, সংস্থার সঙ্গে সমন্বয় করা। আমাদের সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে যেসব আইন, বিধি, নীতিমালা আছে সেগুলো সঠিকভাবে পরিচালনা করা। সেটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি সে দিকে নজরদারি রাখব।’

এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাহবুব হোসেন। আজ তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মো. মাহবুব হোসেন ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন। এর আগে গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন।