দায়িত্বশীল বিনিয়োগের প্রসারে উদ্ভাবন, নেতৃত্ব এবং পরিমাপযোগ্য প্রভাব সৃষ্টিকারী প্রতিষ্ঠান হিসেবে “সাসটেইনেবল ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার—ফিক্সড ইনকাম” পুরস্কার পেয়েছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের (আইসিএমএ) নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সামাজিক বন্ডের কাঠামো প্রণয়ন ও লিড অ্যারেঞ্জার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস এ স্বীকৃতি পেয়েছে।

দেশের টেকসই ঋণবাজারে নতুন দিগন্ত উন্মোচনকারী এ উদ্যোগ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং আটটি এসডিজি অর্জনে অবদান রাখার জন্য পুরস্কৃত হয়েছে।

সেগুলো হলো— এসডিজি ১: দারিদ্র্য বিলোপ, এসডিজি ২: ক্ষুধামুক্তি, এসডিজি ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ, এসডিজি ৫: জেন্ডার সমতা, এসডিজি ৬: নিরাপদ পানি ও স্যানিটেশন, এসডিজি ৮: শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, এসডিজি ১০: অসমতা হ্রাস এবং এসডিজি ১১: টেকসই নগর ও জনপদ।

ব্র্যাক ব্যাংক পিএলসির ইস্যু করা বাংলাদেশের প্রথম সামাজিক বন্ডটি দেশের বাজারে একটি উদ্ভাবনী নির্দিষ্ট আয়ের বিনিয়োগপণ্য হিসেবে যাত্রা শুরু করেছে। বন্ড থেকে সংগৃহীত অর্থ কর্মসংস্থান সৃষ্টি ও সিএমএসএমই অর্থায়ন, আর্থসামাজিক অগ্রগতি ও ক্ষমতায়ন, খাদ্যনিরাপত্তা, সাশ্রয়ী আবাসন এবং প্রয়োজনীয় সেবা ও জনস্বাস্থ্য অবকাঠামোয় প্রবেশাধিকার বাড়াতে ব্যবহার করা হবে।

বিনিয়োগকারীদের মধ্যে বন্ডটি সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করে। এর ফলে ৬৬৫ জন বিনিয়োগকারী এক হাজার কোটি টাকার বন্ডটি সাবস্ক্রাইব করেন।

এ উদ্যোগের মাধ্যমে ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য বন্ডে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে এবং দেশের বন্ডবাজারে চাহিদাসংক্রান্ত প্রতিবন্ধকতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

বন্ডটি ডিএসই-এটিবিতে তালিকাভুক্ত হবে। এর ফলে বর্তমান বিনিয়োগকারীদের বিনিয়োগে তারল্য তৈরি হবে এবং সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে আরও বেশি বিনিয়োগকারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসেইন বলেন, এনভায়রনমেন্টাল ফাইন্যান্সের সাসটেইনেবল ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন বাংলাদেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের অঙ্গীকার ও উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছেন।

এটি উদ্ভাবনী, অগ্রগামী এবং বিশ্বমানের টেকসই বিনিয়োগ ব্যাংকিং সমাধান দেওয়ার আমাদের ভিশনের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এ অর্জন বাংলাদেশে একটি প্রাণবন্ত প্রভাবভিত্তিক বিনিয়োগ ব্যবস্থা গড়ে তুলতে ইস্যুয়ার, বিনিয়োগকারী এবং অন্যান্য অংশীজনের অংশগ্রহণ আরো বাড়াবে।