সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, শুধু শিক্ষকদের ওপর নির্ভর করে সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষার্থীর প্রকৃত বিকাশে পরিবার ও অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গতকাল শুক্রবার দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন।

অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সন্তান বাড়ি থেকে বের হয়ে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, সেসব বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে। শুধু শিক্ষকদের ওপর নির্ভর করলে হবে না। সন্তানের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের ভিত্তি পরিবার থেকেই তৈরি হয়।

তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে অভিভাবকদের নিজেদেরও সচেতন হতে হবে। তা না হলে সন্তানরা ভুল পথে ধাবিত হয়ে মাদকাসক্তিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তাই তাদের নৈতিক শিক্ষা দেয়ার পাশাপাশি সচেতন করে তুলতে হবে।

অভিভাবকদের দায়িত্ব শুধু সন্তানকে বিদ্যালয়ে পাঠানো নয়, তার সার্বিক বিকাশ নিশ্চিত করাও দায়িত্ব জানিয়ে মন্ত্রী বলেন, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পর্যাপ্ত সময় দিতে হবে। পরিবারে সুন্দর ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা গেলে শিশুদের মানসিক বিকাশ সুস্থ ও স্বাভাবিক হবে।

তিনি আরো বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলই যথেষ্ট নয়। তাকে সৎ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

পরে মন্ত্রী বিরামপুর উপজেলার পলিপ্রাগপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।