গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ গণমাধ্যম। তাই গণমাধ্যমে হামলা মানে গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত। ফলে দেশে নির্বিঘ্নে মতপ্রকাশের স্বাধীনতা তথা স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন রাজনীতিবিদ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, ব্যবসায়ী, ব্যাংকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজপেপার ওনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। ‌প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত এ সভায় এসব অভিব্যক্তি প্রকাশ করেন তারা। প্রতিবাদ সভা শেষে কাজী নজরুল ইসলাম এভিনিউতে মানববন্ধন করা হয়।

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এবং বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‌এটি পরিষ্কার এ হামলা শুধু ডেইলি স্টার-প্রথম আলোর ওপর নয়, গণতন্ত্রের ওপর আঘাত। জুলাই যুদ্ধের ওপর আঘাত।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘‌প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার পর আমরা বলেছি, এ ঘটনায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে অনেক দিন ধরে সম্মতি তৈরি করা হয়েছিল এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটি ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস করা কারো পক্ষে সম্ভব হতো না।’

গণমাধ্যমের ওপর হামলার এটাই যাতে ফুলস্টপ হয় সে আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়র। তিনি বলেন, ‘আমরা মনে করি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম আমাদের প্রত্যেকের অস্তিত্বের সঙ্গে জড়িত। কোনো অবস্থায় এটার ওপর হামলা কেউ গ্রহণ করবেন না। আমরা কেউ এটা মেনে নিতে পারি না। এটাই যাতে ফুলস্টপ হয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব অনেক বেশি, তারা সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি, এখানে অবশ্যই সরকারের দায়িত্ব ছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো কী করেছে, সেটা খতিয়ে দেখা উচিত।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ন্যূনতম আদর্শেও যদি মাপি সেখানে গণমাধ্যমের স্বাধীনতা এবং এর অস্তিত্ব একেবারে অবিচ্ছেদ্য অংশ। গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের হামলা প্রকৃতপক্ষে গণতন্ত্রের ওপরই হামলা। এটি গণতান্ত্রিক রাষ্ট্রের ওপরই হামলা। আমরা এতদিন আন্দোলন করে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়েছি। কিন্তু ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে পারিনি। এখন নতুন করে একটি শক্তি ফ্যাসিবাদী হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে। প্রতিটি ফ্যাসিবাদী শক্তির প্রথম কাজ একটি গোষ্ঠী তৈরি করা। যেই গোষ্ঠী তাদের পরিচয় আড়ালে রেখে সামনে থেকে তাদের আদর্শকে জোরজবরদস্তি করে চাপিয়ে দিতে চায়। এরপর ধীরে ধীরে তারা রাজনৈতিক শক্তিতে আবির্ভূত হয়। এখন বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে আমরা ফ্যাসিবাদের পক্ষে যাব না, গণতন্ত্রের পক্ষে যাব।’

গণমাধ্যমে হামলার দিন সরকারের নিষ্ক্রিয়তাকে ভয়ংকর বলে অভিহিত করেন মানবাধিকারকর্মী ও নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক। তিনি বলেন, ‘‌শুভবুদ্ধি দেশ থেকে নির্বাসিত হয়েছে। তার পরও আমরা কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ আছি, আমাদের লড়তে হবে। শুধু প্রতিবাদ করলে হবে না। সেদিন যে ঘটনা ঘটেছে সেটা ভয়াবহ ইঙ্গিত বহন করে। তারপর সরকারের যে নিষ্ক্রিয়তা সেটা আরো ভয়ংকর।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা প্রতিহত করা আমাদের পুরো দেশবাসীর দায়িত্ব। আজ মানুষের জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গণমাধ্যম ও মানুষের মৌলিক স্বাধীনতা আঘাতের সম্মুখীন। মানুষ যে নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে সেটা নিয়ে রাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো কী কাজ করছে, নাকি অন্তঃকোন্দলে লিপ্ত। এ প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।’

05555555

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘আজকে সারা দেশের মানুষ সমস্যার সমাধান খুঁজছে। আমরা সংকটময় সময় পার করছি। সমস্যা সমাধান করার বদলে কৃত্রিম সাংস্কৃতিক যুদ্ধ বাধানোর চেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী। মানুষ সমস্যার সমাধান চায়, শান্তি চায়, সম্প্রীতি চায়। শান্তি সমৃদ্ধির দেশে আমরা আবার সেই জায়গায় ফিরতে চাই। সামাজিক সম্পর্কগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। যদি সবাই ঐক্যবদ্ধভাবে এগোতে না পারি তাহলে আমরা আরো ক্ষতির সম্মুখীন হয়ে পড়ব।’

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেন, ‘আগুনের কথা শুনে, সাংবাদিকরা আটকা আছেন শুনে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ডেইলি স্টারে ছুটে যেতে পেরেছেন। তাহলে সরকারের যারা দায়িত্বে আছেন, আইন-শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের একজনও কেন সেখানে যাননি? এখানে মূল দায়িত্ব ছিল রাষ্ট্রের। মানুষের অধিকার রক্ষা করা, জীবন-জীবিকা রক্ষা করা ও দেশের শান্তিপূর্ণ অবস্থান রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। যারা ক্ষমতায় আছেন তারা এখানে ব্যর্থ হয়েছেন। সেজন্য এখন আমাদের সবার দায়িত্ব এ অবস্থার প্রতিরোধ করা।’

স্থপতি সামসুল ওয়ারেস বলেন, ‘‌মবোক্রেসি কোনো সভ্য জগতে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এর বিরুদ্ধে বলতে আমরা এসেছি। যেভাবে হোক এটি আমাদের প্রতিরোধ করতে হবে। যার ইচ্ছা ভায়োলেন্স করবে, মৃত্যু ঘটাবে এটা তো চলতে দেয়া যায় না। আমাদের সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে। আমরা একত্র হয়েই সেটি করব।’

নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, ‘২৮-২৯ জন সাংবাদিক ও সংবাদকর্মী ডেইলি স্টার ভবনে আটকা পড়েছিলেন। আর ১৫ মিনিট যদি আগুন জ্বলত তাহলে ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে ওইদিন অনেকেই সেখানে মারা যেতেন। এভাবে আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। সবার মতামতের ভিত্তিতে আমরা সারা দেশে সাংবাদিকদের সঙ্গে নিয়ে আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে একটি মহাসম্মেলন করব। ওই মহাসম্মেলনের মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, ‘আমি বুঝতে পারি না ছায়ানট কবে রাজনীতি করল। সম্পাদক নূরুল কবীর কবে ফ্যাসিস্টের সহযোগী হলো আমি জানি না। একইভাবে জানি না, প্রথম আলো কবে কোনদিন কার দালালি করল। মাহফুজ আনাম ভাই নিজেও ডেইলি স্টারের প্রথম পাতায়ও ফ্যাসিবাদ নিয়ে লিখলেন, তার পরও তিনি কীভাবে শেখ হাসিনা ও অন্যদের সহযোগী হলেন; সেটি বড় প্রশ্ন। আমি অন্তত এসব দেখিনি। আমি ব্যাংক খাতে আছি; একটু বলতেই হয়—আগের রেজিম এ খাতকে তছনছ করেছে। সেগুলো খারাপ। ঠিক এখন যেগুলো হচ্ছে সেগুলোও একইভাবে খারাপ।’

তিনি আরো বলেন, ‘ইন্টারেস্টিং বিষয়, শহীদ হাদি নিজে বলেছিলেন, প্রথম আলোর অফিসের সামনে তাদের কী? তারা পারলে আরো দশটা প্রথম আলো বানিয়ে দেখাক। তার স্পিরিটকে যদি ভাবেন, তার পরও কেন পত্রিকার ওপরে আঘাত? প্রধান উপদেষ্টার অফিস বলেছে, ৩১ জনকে চিহ্নিত করা গেছে। ৯ জন গ্রেফতার হয়েছে। দেরিতে হলেও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি ভালো। কিছু তো একটা হচ্ছে।’

ক্রাউন সিমেন্ট পিএলসির ভাইস চেয়ারম্যান আলমগীর কবির বলেন, ‘সরকারের কাছে প্রশ্ন হচ্ছে আপনারা কি দেশের অর্থনীতি ধ্বংস করতে চান? ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করতে চান? সংবাদমাধ্যমের স্বাধীনতার ব্যত্যয় ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চান? যদি না চান আপনারা প্রমাণ করে দেখান।’

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, ‘সরকারের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেয়া। কিন্তু আমরা দেখতে পেলাম একের পর এক আমাদের সন্তানদের আমরা হারাচ্ছি। কিন্তু কারো কোনো বিচার এখনো দেখতে পেলাম না। মব কালচার ৫ আগস্টের পরে সেই সচিবালয় থেকে শুরু হয়েছে। তখন থেকেই এটা বন্ধ করার কথা বলা হয়েছিল। বলা হয়েছে মব কালচার গলার কাঁটা হয়ে দাঁড়াবে। আজকে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার মাধ্যমে সেটাই দেখলাম। সরকারের কাছে জানমালের নিরাপত্তা চাই।’

ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর বলেন, ‘এখন সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। নিজেদের ঐক্যের ভিত্তিতে অপরাপর সংগঠনকে ঐক্যবদ্ধ করে আমরা একটি ন্যায্যতা তৈরি করতে পারি।’

ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, ‘আগুন দেয়ার পর আমার প্রায় ২৬-২৭ জন সহকর্মী ছাদে আটকা পড়েছিলেন। হামলাকারীরা ফায়ার ব্রিগেডকে আসতে দেয়নি। এর অর্থ দাঁড়ায়, তারা শুধু ভবনে আগুন দিতে চায়নি, তারা ডেইলি স্টারের কর্মীদের হত্যা করতেও চেয়েছিল।’

মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আপনারা যেভাবে সংহতি প্রকাশ করেছেন, আমরা অভিভূত। আমরা আপনাদের সঙ্গেই থাকব, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমার মনে হয়, এ যুদ্ধে আমরা জয়ী হবই। এটা একদিনের যুদ্ধ নয়, অনেকদিন ধরে এ যুদ্ধ চলবে। লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন।’

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র যদি ধ্বংস হয় কখনো গণতন্ত্র শক্তিশালী হবে না। তাই গণতন্ত্রের স্বার্থে, মানুষের স্বার্থে ও ভোটাধিকারের স্বার্থে আমাদের এ অশুভ শক্তিকে প্রতিরোধ করতে হবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, ‘গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের চোখ। সরকার একেবারে ভেতর থেকে রাষ্ট্রকে দেখতে পারে গণমাধ্যমের মধ্য দিয়ে। এ গণমাধ্যমের ওপর আঘাত মানে গণতন্ত্রের ওপর আঘাত, রাষ্ট্রের অস্তিত্বের ওপর আঘাত। সেটা প্রথম আলো ও ডেইলি স্টারে আঘাতের মধ্য দিয়ে লক্ষ করা গেছে। আজকের এ ঘটনায় আসুন আমরা ঐক্যবদ্ধ হই।’

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা বলেন, ‘আমাদের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা খুবই গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকব।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা পাওয়ার জন্য স্বাধীনতা চাইতে হবে এবং সেটার জন্য ঐক্য প্রয়োজন। সেটা না হলে আমাদের বারবার আক্রমণের শিকার হতে হবে।’

প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সভায় সংহতি জানান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান টি রহমান, ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নাট্যজন রামেন্দু মজুমদার, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি নিহাদ কবির, বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, দৃকের পরিচালক রেহনুমা আহমেদ, এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান রাহমান, গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ, নিউ এজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, সংবাদ সম্পাদক আলতামাস কবির, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান, ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মোরছালীন বাবলা, অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের সম্পাদক ইফতেখার মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএ সিনিয়র সহসভাপতি ইনামুল হক বাবলু, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির সভাপতি আবদুল মুক্তাদির, বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, পরিচালক দেলোয়ার হোসেন রাজা, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের মহাসচিব আতাউর রহমান, বেঙ্গল ইনস্টিটিউটের এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারপারসন আবুল খায়ের লিটু, ফাইন্যাশিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক শামসুল হক জাহিদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ প্রমুখ।