বাগেরহাটের রামপালে ২২ গ্রামকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে গ্রাম উন্নয়ন কমিটি ও ইয়ুথ ভিজিলিয়েন্স টিমের আয়োজনে এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এ ঘোষণা দেন। এ সময় আরো ৪ গ্রামকে স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা করা হয়।

আগামীতে নিজ সংসদীয় আসন রামপাল ও মোংলা উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করার আশ্বাস দেন উপমন্ত্রী। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আশরাফুল আলম, হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু তপন কুমার গোলদার, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ফিল্ট অপারেশন উপ-পরিচালক রাজু উইলিয়াম রোজারিও, রামপাল এরিয়া সিনিয়র ম্যানেজার ফুলি সরকারসহ আরো অনেকে।

আয়োজকরা জানান, বাল্যবিয়ে বৃদ্ধির ক্রমবর্ধমান হারের লাগাম টেনে ধরতে মানুষের সামাজিক ও আচরণগত পরিবর্তনের জন্য সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বেসরকারী উন্নয়ন সংস্থা কাজ শুরু করেছে।