গণভোট নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, পলাতক ফ্যাসিবাদীরা দেশের মানুষকে বিভ্রান্ত করতে লুটপাটের টাকা খরচ করে এ পরিকল্পিত মিথ্যাচার করছে। জনগণকে সত্যটা জানানোর মধ্য দিয়ে মিথ্যাকে পরাভূত করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে।
আলী রীয়াজ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন। আলেম সমাজ, ছাত্র, আপামর জনতা নির্যাতিত-নিপীড়িত হয়েছেন। জুলাই সনদের প্রতিটি অক্ষর সেই শহীদদের রক্তেই রচিত হয়েছে। তাদের রক্তের দায় আমরা যেন ভুলে না যাই।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ইমামরা সম্মেলনে অংশ নেন।
নবীন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরির দায়িত্ব আমাদের সবার উল্লেখ করে আলী রীয়াজ বলেন, যে প্রতিশ্রুতি আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, চব্বিশের গণঅভ্যুত্থানে ছিল, সেই ভবিষ্যতের বাংলাদেশ আমরা চাই কিনা তা নির্ধারণেই এবারের গণভোট।
ফ্যাসিবাদী গোষ্ঠী গণভোট ঘিরে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে জানিয়ে মনির হায়দার বলেন, ফ্যাসিস্টরা এখন লুটপাটের টাকায় মিথ্যাচার ছড়িয়ে, অপপ্রচার চালিয়ে জাতির ঘুরে দাঁড়ানোর প্রয়াসকে ব্যর্থ করে দিতে চাইছে।
গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে আমরা এখানে এসেছি উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ আমাদের জাতির ভবিষ্যৎ গড়ার একটি স্থায়ী দলিল। এ সত্য জনগণকে বোঝালে মিথ্যা এমনিতেই বিলীন হয়ে যাবে।
ধর্ম সচিব মো. কামাল উদ্দিন উপস্থিত আলেম-ওলামাদের ধন্যবাদ জানিয়ে বলেন, গণভোটের আয়োজন করা হয়েছে বান্দার হক, মজলুমের হক তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য। বিগত আমলে শত অত্যাচার-নির্যাতন করেও আলেমদের সত্য বলা থেকে বিরত রাখা যায় নাই। আমি বিশ্বাস করি, আপনারা ভূমিকা রাখলে সব ভোট 'হ্যাঁ'-এর পক্ষেই পড়বে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আলেম সমাজের উদ্দেশ্যে বলেন, জনগণ গণভোট সম্পর্কে অল্প-বিস্তর জানেন। কিন্তু সে ভোটে তারা অংশ নেবেন কিনা সে সিদ্ধান্ত নেয়ার জন্য মানুষ আপনাদের সম্মতির অপেক্ষা করে আছেন।
এ ছাড়া ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রামের পরিচালক সরকার সরোয়ার আলম ও লালখান বাজার জামে মসজিদের খতিব ড. মুফতি হুমায়ুন কবীর অনুষ্ঠানে বক্তব্য দেন।










