‘সুন্দরবনকে ভালোবাসুন, সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসুন’ এই স্লোগান নিয়ে বাগেরহাটে পালিত হচ্ছে সুন্দরবন দিবস। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় র‌্যালি। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম ফরাজি।

এতে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাংবাদিক শেখ আছাদুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ব্যাংক হিসেবে কাজ করে। দক্ষিণাঞ্চলকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। কিন্তু নানা কারণে সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে। সুন্দরবন এখন আর আগের মতো ভালো নেই। বিষ দিয়ে সুন্দরবনের মাছসহ জলজ প্রাণী ধ্বংস করা হচ্ছে, চোরা শিকারিদের হাতে মরছে বাঘ-হরিণসহ মূল্যবান প্রাণী, সুন্দরী গাছ মরছে লবণে। সুন্দরবন আজ ধ্বংসের মুখে। কিন্তু সুন্দরবন রক্ষায় সরকারের তেমন কোনো উদ্যোগ নেই।

দেশের মানুষকে ভালো রাখতে সুন্দরবন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

এ ছাড়া মোংলা ও শরণখোলা উপজেলায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হচ্ছে সুন্দরবন দিবস।