যশোরে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন প্রায় আড়াই লাখ তরুণ-তরুণী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি সংসদীয় এলাকায় যারা প্রথমবার ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।

যশোর বেজপাড়ার বাসিন্দা রোহিত রায় জানান, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে একজন নতুন ভোটার হিসেবে তিনি খুব উৎসাহী। একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের নেতৃত্ব বাছাই করতে তিনিও ভূমিকা রাখতে পারবেন।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার যশোরে সব মিলিয়ে ভোটার রয়েছে ২৩ লাখ ৪০ হাজার ২২৮ জন। এর মধ্যে ১১ লাখ ৭৬ হাজার ৯১২ জন পুরুষ ও ১১ লাখ ৬৩ হাজার ৩১৪ জন নারী। এবার ভোটার বেড়েছে ২ লাখ ৪৮ হাজার ৯৪৪ জন। এছাড়া এবার নির্বাচনে ৮২৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৫ হাজার ২১৭টি ভোট কক্ষের ব্যবস্থা করা হবে।

একাদশ সংসদ নির্বাচনে যশোর জেলায় ভোটার ছিল ২০ লাখ ৯১ হাজার ২৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৪৮ হাজার ৫৩৭ জন এবং নারী ভোটার ১০ লাখ ৪২ হাজার ৭৪৭ জন। একাদশ সংসদ নির্বাচনে ভোটার বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। মূলত ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রের সংখ্যা বাড়িয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যশোর-১ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৫৯৬। যশোর-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪৯৮ জন। যশোর-৩ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৬৪ হাজার ১১৪। যশোর-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৩ হাজার ২৯৮ জন। যশোর-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৫ হাজার ৮৬২ জন। যশোর-৬ আসনে ভোটার রয়েছে ২ লাখ ১৭ হাজার ৮৬০ জন।