চট্টগ্রামের ফটিকছড়িতে গোসল করতে নেমে পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী মো. নাহিদুল ইসলাম (১৫) উপজেলার বাগান বাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার কামাল উদ্দীনের ছেলে। তিনি বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিকালে ছুটির পর নাহিদ সহপাঠীদের সঙ্গে স্কুলের পাশে একটি পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে বাকিরা ওঠে এলেও নাহিদ ওঠতে পারেনি। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। বিষয়টি দ্রুত সবাইকে জানায় তারা। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা পুকুরে নেমে নাহিদের মরদেহ উদ্ধার করেন।
বাগান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ ইমাম উদ্দীন নূরী জানান, বিকালে ৫ থেকে ৬ জন ছাত্র পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। নাহিদ পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।










