বগুড়ার জেলা প্রশাসকের অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবির ঘটনা ঘটেছে।
গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
জেলা প্রশাসক জানান, তার অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন হয়েছে।
এ নম্বর দিয়ে ফোন করে কারো কাছে কোনো টাকা বা কিছু দাবি করলে সঙ্গে সঙ্গে তিনি জেলা প্রশাসনকে জানাতে বলেন।
বগুড়া জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর (এনডিসি) জিএম রাশেদুল ইসলাম জানান, মোবাইল নাম্বার ক্লোন করার ঘটনায় জেলা প্রশাসন থেকে সদর থানায় লিখিতভাবে অবগত করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কাছে থাকা অফিশিয়াল নম্বর ক্লোন করে সোমবার গাবতলী ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কাছে টাকা দাবি করা হয়।
এদিকে গতকাল দুপুরে জেলা প্রশাসক তার অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন হয়েছে বলে ডিসি বগুড়া নামে ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন।










