ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। এ অবস্থায় মজুদ ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল মোবাইল বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন বিক্রির সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বাণিজ্য, অর্থ মন্ত্রণালয়, এনবিআর, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সরকারের এমন ঘোষণা আসার দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন ব্যবসায়ীরা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ফোন, রিফার্বিশড ফোন ও বিদেশের পুরোনো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, মোবাইল ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং, এমএফএসসহ বিভিন্ন ডিজিটাল অপরাধ থেকে জনসাধারণকে সুরক্ষা দেয়া এবং নিয়ম বহির্ভূতভাবে বাজারে আসা মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধে ১৬ ডিসেম্বর এনইআইআর ব্যবস্থা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এ সময়ে সকল অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের নির্দেশনা দেয়া হয়েছিল।

তবে মোবাইল ব্যবসায়ী সংগঠনের সঙ্গে তিন দিন ধরে আলোচনা শেষে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে দেশে থাকা সকল অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময়সীমা ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মোবাইল ফোন আমদানিতে এখন কোনও বাধা নেই। কত পুরোনো ফোন আমদানি করা যাবে, কোন মডেল আমদানি করা যাবে—এসব বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে।

আমদানির বিষয়ে উপযুক্ত সরকারি কর্তৃপক্ষকে অবশ্যই অবহিত করতে হবে। আগামীকাল সংশ্লিষ্ট পক্ষগুলোকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। এছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনঃনির্ধারণের বিষয়ে এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে মধ্যস্থতা করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আমদানিকারক ও উৎপাদনকারীরা যৌথভাবে বসে সরকারকে লিখিত প্রস্তাব দেবেন বলেও জানানো হয়েছে।

এদিকে এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির দাবিতে গতকাল সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড় ও যমুনা ফিউচার পার্ক এলাকায় সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এসময় তারা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ দাবি করেন।

ব্যবসায়ীরা বলেন, ‘এনইআইআর চালুর মাধ্যমে সরকার একটি নির্দিষ্ট গ্রুপকে সুবিধা দিতে চাইছে। এটি কার্যকর হলে ফোনের দাম বাড়বে, একজনের নামে নিবন্ধিত ফোন অন্যজন ব্যবহার করতে পারবে না। আনঅফিসিয়াল ফোন বিক্রি বন্ধ হলে এ খাতে ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষের ওপরও প্রভাব পড়বে। আমরাও চাই ব্যবসা নিয়ন্ত্রিত হোক, কিন্তু তা যেন পক্ষপাতদুষ্টভাবে না হয়।”

এদিকে মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল বিক্রির ঘোষণা আসায় অবরোধ তুলে নিয়েছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর সভাপতি মো. আসলাম বলেন, ‘জনভোগান্তি বাড়াতে চাই না, তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করেছি। এনইআইআর যখন বিটিআরসি চালু করতে চেয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। আমরা চাই মোবাইল ব্যবসা নিয়ন্ত্রণে আসুক। কিন্তু তারা যে পদ্ধতিতে বাস্তবায়ন করতে চেয়েছে, তা সঠিক নয়। আমরা যারা ২০ লাখ মানুষ এ খাতে জড়িত, তাদের বাদ দিয়ে ব্যবসা এগোবে না। এনইআইআর সংশোধনের জন্য আমরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছি। এনবিআর ও বিটিআরসিও ছিল। শুরুতে তারা আমাদের দাবি মানতে চায়নি। পরে আমরা বুঝাতে পেরেছি এতে ব্যবসায়ীদের ক্ষতি হবে। আমরা বলেছি—এনইআইআর বাস্তবায়ন করুন, কিন্তু অবৈধ ট্যাগিং আমরা নেব না। আমরা বৈধ ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। এনবিআরকে বলেছি ৬০ শতাংশ ট্যাক্স কমিয়ে ১০ শতাংশ করলে মানুষ স্বেচ্ছায় ট্যাক্স দেবে।’

সরকারি সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আগামীকাল মোবাইল আমদানিকারকরা, আমরা এবং উপদেষ্টা একসঙ্গে বসব। উভয় পক্ষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত লিখিত হবে। তিনি আশ্বাস দিয়েছেন—আগামী তিন মাস এনইআইআর ফ্রি থাকবে, এ সময়ে কোনও বাধা তৈরি হবে না। এছাড়া বিটিআরসি থেকে আমদানির যেসব প্রতিবন্ধকতা ও আইনকানুন রয়েছে, সেগুলো সমাধান করা হবে। তিন মাস পরে আবার ফোন আমদানি করা যাবে। আমরা চাই দেশে প্রতিযোগিতামূলক বাজার ফিরুক এবং গ্রাহকরা আবার সুলভ দামে মোবাইল ফোন কিনতে পারে।’