জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয় দিয়ে রাজশাহী জেলা প্রশাসককে হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর তথ্য দেয়া ও অর্থ দাবির অভিযোগে এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ব্যক্তির নাম মো. শামিম ওসমান (২৯)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সিপিসির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি বিশেষ দল সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সিআইডি জানায়, শামিম ওসমান নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। এতে তিনি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে দাবি করেন, রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়। একইসঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিপিসি, সিআইডিকে অবহিত করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শামিম ওসমান একজন পেশাদার প্রতারক। এর আগেও বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। এ কারণে তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিআইডি জানায়, এ ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা এবং অভিযুক্ত ব্যক্তি অন্য কোনো উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছে কিনা—তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।