স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
বলেছেন, ‘যারাই রাজনীতি করবে, তাদের রাজনীতির আদর্শ মেনে চলতে হবে। এর বাইরে যদি কিছু
করেন, তাহলে তাদের জবাব দিতে হবে।’
রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের
উদ্বোধনীতে এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ বুধবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে
আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, যে দল বা যারাই অস্থিতিশীলতার
পরিস্থিতি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোকে
নিয়ম–কানুন মেনে রাজনীতি
করতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের
সঙ্গে কাজ করছে।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থায়ই
আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে
আছেন, তারা তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করে যাচ্ছেন। যারাই দেশে অস্থিতিশীল পরিবেশ
সৃষ্টি করবে, সে যে-ই হোক; আইনগত ব্যবস্থা নিব ও নিচ্ছি।’
‘ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছিল’ উল্লেখ করে সীমান্ত হত্যা বিষয়ে তিনি বলেন, সেখানে আমরা স্পষ্টভাবে
বলেছিলাম, তারাও তাতে অভিন্ন অভিমত দিয়েছিল। তারা সীমান্ত হত্যা কমাবে, সীমান্তে যে
নাশকতামূলক কর্মকাণ্ড হয়, সেগুলো বন্ধ করবে বলেছিল। তারা আহ্বান করেছিল, সীমান্তে অবৈধ
চলাচল যেন না হয়।
‘তারা বলেছিল, সীমান্তে তারা যে ধরনের হাতিয়ার
(মারণাস্ত্র) ব্যবহার করে, সেগুলো করবে না। এখন অনেক স্থানে আর মারণাস্ত্র ব্যবহার
করা হচ্ছে না। যেসব স্থানে ব্যবহার করা হচ্ছে, সেখানে বিজিবি-বিএসএফ বৈঠক করে তা বন্ধ
করার ব্যাপারে আলোচনা করছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার ও ভিডিপি একটি
বিরাট বাহিনী। যখন যেখানে সরকারের প্রয়োজন, তাদের ব্যবহার করা হয়। প্রতিটি বাহিনী অত্যন্ত
দক্ষতার সঙ্গে কাজ করছে। আনসার ও ভিডিপি অন্যতম। নির্বাচনে যখন পুলিশ দেওয়া যায় না,
তখন আনসার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মো. শাহরিয়ার আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম, আনসার বাহিনীর মহাপরিচালক
মেজর জেনারেল নাজমুল হাসান, রাজশাহীর ডিআইজি আবদুল বাতেন, জেলা পুলিশ সুপার এ বি এম
মাসুদ হোসেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার প্রমুখ।









