দ্বাদশ সংসদ নির্বাচনে যশোরে ছয়টি আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা। গত এক সপ্তাহে ৪৫টি অভিযানে অন্তত ৫৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয়েছে। নির্বাচনে অংশ নেয়া অন্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের বিরুদ্ধে এখনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি।
যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৮-২৫ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহে ৩৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। জেলার ছয়টি আসনে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। অভিযানগুলোর মধ্যে যশোর-১ আসনে ছয়টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮ হাজার ৫০০ টাকা, যশোর-২ আসনে ছয়টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬ হাজার ৫০০, যশোর-৩ আসনে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ হাজার, যশোর-৪ আসনে ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৯ হাজার টাকা, যশোর-৫ আসনে সাতটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩১ হাজার এবং যশোর-৬ আসনে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কয়েকটি অভিযোগ পেয়েছি।’










