স্পিনিং খাত ও সুতা আমদানি নিয়ে বিজিএমইএ-বিকেএমইএর উপস্থাপিত তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন সুতা ও কাপড় উৎপাদনকারী বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের দেয়া এক বার্তায় এ দাবি জানিয়েছেন তিনি।

বিটিএমএ সভাপতি বলেছেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের শিল্পের গুরুত্বপূর্ণ অংশীজন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা আজ এক সংবাদ সম্মেলনে স্পিনিং খাত ও সুতা আমদানি বিষয়ে কিছু তথ্য উপস্থাপন করেছেন যা সঠিক নয়।

শওকত আজিজ রাসেল জানিয়েছেন, বিটিএমএ’র আবেদনের প্রেক্ষিতে বিটিএমএ, বিজিএমইএ এবং বিকেএমই’র সঙ্গে আলোচনার পরেই ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রনালয়ে প্রতিবেদন দাখিল করে। বাণিজ্য মন্ত্রনালয় দাখিলকৃত তথ্য উপাত্ত যাচাই করে শুধুমাত্র ১০ থেকে ৩০ কাউন্টের সুতা (৫২০৫, ৫২০৬, ৫২০৭) বন্ড সুবিধার বাইরে রাখার সুপারিশ করেন। যাতে উক্ত সুতা আমদানির ওপর নতুনভাবে কোন শুল্ক আরোপ করার প্রস্তাব দেয়া হয়নি।

বর্তমানে সেফগার্ড ডিউটি আরোপ করারও প্রস্তাব করা হয়নি জানিয়ে বিটিএমএ সভাপতি বলেন, বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত আমদানির মাধ্যমে তৈরি পোশাক খাতের দেশীয় প্রতিষ্ঠানগুলো কোনো বাস্তব সুবিধা পাচ্ছে না। বরং এ সুবিধা ভোগ করছে বিদেশী ক্রেতা প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে, স্থানীয় স্পিনিং মিলগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেও পার্শবর্তী দেশের সরকার কর্তৃক প্রদত্ত প্রতি কেজিতে প্রায় ৫০ সেন্ট ভর্তুকি প্রদান করার কারনে টিকে থাকতে পারছে না। এসব বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কিছু সুতাকে বন্ড সুবিধার আওতামুক্ত করার প্রস্তাব দিয়েছে, যার শতভাগ সরবরাহ করা সক্ষমতা আমাদের দেশীয় মিলের রয়েছে।

প্রস্তাব দেয়ার আগে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সঙ্গে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মকর্তারা একাধিকবার আনুষ্ঠানিক বৈঠক করেছেন উল্লেখ করে শওকত আজিজ রাসেল বলেন, এর আগেও অনানুষ্ঠানিক বৈঠকে বিটিএমএ, বিজিএমইএ এবং বিকেএমই’র নেতাদের দেশীয় শিল্পের স্বার্থে একমত হয়েছিল যে, যেসব সুতা শতভাগ স্থানীয়ভাবে উৎপাদন করা সম্ভব, সেগুলো বন্ড সুবিধার বাইরে আনা যেতে পারে। অথচ এসব সিদ্ধান্তের কথা উপেক্ষা করে আজ একতরফা সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা মোটেও কাম্য নয়। এ ছাড়া, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পর রফতানির ক্ষেত্রে ৪০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত পূরণ করতে হবে। একই ধরনের শর্ত যুক্তরাষ্ট্রে রফতানির ক্ষেত্রেও প্রযোজ্য।

গণমাধ্যমকে দেয়া বার্তায় বিটিএমএ সভাপতি আশা প্রকাশ করে বলেছেন, সরকার দেশকে অর্থনৈতিক আধিপত্যবাদের হুমকি থেকে রক্ষা করতে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেবে।