রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
আদালতের রুলে স্থানীয় সরকার সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি) কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন।
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন রাজধানীর আজিমপুরের বাসিন্দা ইমতিয়াজ উদ্দিন। রিটে বাড়ি নির্ধারণে নীতিমালা তৈরির পাশাপাশি বাড়িভাড়া সংক্রান্ত ১৯৯১ সালে প্রণীত আইন দ্রুত কার্যকরের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া এক মাসের অগ্রিম ভাড়া জামানত হিসেবে জমা নিয়ে বাড়ি দেয়ার নির্দেশনা চাওয়া হয়। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।
এর আগে গত ২৭ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছিলেন, ঢাকা শহরের কোন এলাকায় বাড়িভাড়া, বাড়ির সেবা অনুযায়ী নির্ধারণ ও তালিকা করে দেয়া হবে।
ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ সালে জারি হলেও আইনের অনেক কিছু মানা হচ্ছে না। আমরা আইন অনুযায়ী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য নির্দেশিকা তৈরি করব। এটি ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে করে ফেলব।’










