বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘নগদবিহীন লেনদেনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আগামী ১০ বছরের মধ্যে দেশে নগদ লেনদেন উল্লেখযোগ্য হারে কমবে।’
গতকাল রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কৃষিতে অনন্য অবদানের জন্য ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যৌথভাবে এ সম্মাননা জানায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই। এ বছর দশমবারের মতো এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, ‘নগদ লেনদেনের কারণে দেশে প্রচুর দুর্নীতি হয়। রাজস্ব খাতে লোকসান হয় প্রায় দেড় লাখ কোটি টাকা। এছাড়া নগদ ব্যবস্থাপনায় ২০ হাজার কোটি টাকা ব্যয় তো আছেই। নগদবিহীন লেনদেন নিশ্চিত করা গেলে এ বিষয়গুলো অনেকাংশেই এড়ানো সম্ভব।’
গভর্নর আরো বলেন, ‘ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের ২৫ হাজার কোটি টাকার তহবিল আছে। কিন্তু বিভিন্ন ঘোষণা দিয়েও এ তহবিল পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এ তহবিল কার্যকরভাবে ব্যবহার করতে ব্যাংকগুলোর জন্য গ্যারান্টি স্কিমও ঘোষণা করা হয়েছে। এর পরও এ তহবিল সঠিকভাবে কাজে লাগাতে পারছি না আমরা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয়। তিনি বলেন, ‘এই দশম আসরটি শুধু পুরস্কারের জায়গা নয়, বাংলাদেশের কৃষির পরিবর্তনগাঁথা তুলে ধরার সুযোগ। একই সময়ে ব্যাংকের ১২০ বছরের যাত্রা উদযাপন হওয়ায় বিষয়টি আমাদের জন্য দ্বিগুণ তাৎপর্য বহন করছে। কারণ কৃষিই দেশের অগ্রগতির ভিত্তি। আর এ খাতে উদ্ভাবনী কাজ করা মানুষগুলো টেকসই ভবিষ্যতের পথ দেখাচ্ছে।’










