নতুন বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবে সরকার। তবে বই উৎসব নিয়ে এ বছর এখনো সিদ্ধান্তের কোনো খবর জানা না গেলেও এরই মধ্যে রাঙ্গামাটিতে পৌঁছেছে ৬৮ শতাংশ বই। আগামী সপ্তাহের মধ্যে সব বই হাতে পাবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) হৃষীকেশ শীল বণিক বার্তাকে বলেন, ‘রাঙ্গামাটি জেলায় এ পর্যন্ত ৬৮ শতাংশ প্রাথমিকের বই পৌঁছেছে। কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে আগামী সপ্তাহের মধ্যেই বাকি সব বই পৌঁছে যাবে।’

বই উৎসব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বই উৎসব হবে কিনা এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। এখন পর্যন্ত আমরা এ-সংক্রান্ত কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে জানানো হবে।’