রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পাহাড় ধসের ঘটনায় গতকাল ভোর ৬টা থেকে দীর্ঘ ৮ ঘণ্টারও বেশি সময় পর সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর সচল হয়েছে। বেলা আড়াইটার দিকে সেনাবাহিনীর সহায়তায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টির কারণে রাতের যেকোনো সময়ে খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার পথে বাঘাইছড়ি উপজেলার শুকনানন্দরাম পাড়া এলাকায় সড়কের ওপর একটি পাহাড় ধসে পড়ে। এতে গতকাল সকাল ৬টা থেকে সাজেকে যান চলাচল বন্ধ ছিল। তবে বেলা আড়াইটার দিকে আবারো চালু হয় যান চলাচল।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার জানান, মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টিপাতের কারণে সাজেকে যাওয়ার পথে শুকনানন্দরাম পাড়া এলাকায় সড়কের ওপর একটি পাহাড়ের বড় অংশ ধসে পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেখানে কোনো বসতি না থাকায় ঠিক কখন ধসে পড়েছে তা জানা যায়নি। সেনাবাহিনীর একটি টিম সড়ক থেকে মাটি অপসারণের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, পাহাড় ধসের ঘটনায় গতকাল সকাল থেকে যানবাহন বন্ধ থাকায় খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালিগামী ২০০-২৩০ চাঁদের গাড়ি, জিপসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে। এতে হাজারো পর্যটক সাজেকের পথে আটকা পড়ে। তবে দুপুরে যান চলাচল স্বাভাবিক হওয়ায় তাদের অনেকেই সাজেকে ফিরেছেন।










