ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়ায় ভাঙ্গা থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস টেনে কাটা পড়ে দুই কৃষক নিহত হয়েছেন। গতকাল বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে কৃষক অহেদ মোল্লা (৫০) ও শাহেদ আলী মোল্লার ছেলে লিটু মোল্লা (৫২)।

স্থানীয়রা জানান, নিহত দুই কৃষক ধান ভাঙানোর মেশিন নিয়ে গ্রামের আধাপাকা ওই সড়ক দিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ভাঙ্গা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে ব্যবস্থা গ্রহণ করবে।

ফরিদপুর রেলস্টেশনের মাস্টার মো. মাসুদ রানা রনি জানান, ওই সড়ক সম্পূর্ণ অবৈধ। ফলে সেখানে কোনো গার্ড নিয়োগ দেয়া নেই। রাজবাড়ী জিআরপি থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।