ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরো ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি হয়েছে। রোববার রাতে ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ময়মনসিংহ: ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী মিলে ৩০ জন ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যান। মোনাজাত থেকে সবাই একটি ট্রাকে করে মাদ্রাসায় ফিরছিলেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢালিবাড়ী মোড় ইউটার্নের কাছাকাছি আসতেই ট্রাকের সামনে একটি কাভার্ডভ্যানকে ইউটার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক করেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলে নাইম আকন্দ (১৩) নামে এক শিক্ষার্থী মারা যায়। এ সময় আহত হন ১৩ জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সানাউল্লাহ সজল (১৩) নামে একজন মারা যায়। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঢাকায় নেয়ার পথে ফয়জুর রহমান (১৮) নামে আরো একজন মারা গেছেন। 

মুন্সিগঞ্জ: শ্রীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বর্ণা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল বেলা ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট: গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো একজন আহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার চিরুরপাড় বিলের বন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কান্দিরগ্রাম উত্তরপাড়া গ্রামের রাজুল ইসলাম (২৫) ও একই উপজেলার চিরুরপাড় গ্রামের আব্দুল হালিম (২২)।

চট্টগ্রাম: কর্ণফুলীতে জিপ গাড়িচাপায় জয়নাব বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে কর্ণফুলীর পিএবি সড়কের রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

ভোলা: স্কুলের মাইক্রোবাসচাপায় আবু তালেব (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আবু তালেব ওই গ্রামের মো. সিদ্দিক মৃধার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার রানীহাটি বাজারে ট্রাকের ধাক্কায় মাহমুদুল হাসান লিটন (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। 

গাইবান্ধা: ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাদিয়া আক্তার (৩) নামে এক শিশু মৃত্যু হয়েছে। গতকাল বিকালে সদর উপজেলার তুলশীঘাট-সাদুল্লাপুর সড়কের ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।