দেশের উত্তরাঞ্চলের মানুষ পেক্ষাকৃত আয়োডিনের অভাবে থাকে বলে মন্তব্য করেছেন বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান। গতকাল রাজশাহীতে আয়োডিনযুক্ত লবণ আইন-২০২১ অবহিতকরণ কর্মশালায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) এবং নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এনআই) বাংলাদেশের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক মো. রেজাউল আলম সরকার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিকের লবণ সেল প্রধান সরোয়ার হোসেন।
বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জাফর বায়েজীদের পরিচালনায় প্যানেল আলোচনায় অংশ নেন গেইনের পোর্টফলিও লিড আশেক মাহফুজ। আরো বক্তব্য রাখেন রাজশাহীর সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার। পরে মুক্ত আলোচনা পরিচালনা করেন বিসিক পরিচালক মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ আয়োডিনের অভাবে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হতো। তবে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের ফলে এখন এটি নিয়ন্ত্রণে।










