ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের জন্য জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ জমাদানের জন্য আগামী শনিবার (২৭ ডিসেম্বর) দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখা হবে। নির্বাচন কমিশন (ইসি) অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার ( ২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিলি ব্যাংকগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠায়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

নির্বাচন কমিশন থেকে পাওয়া চিঠির প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছি আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলো খোলা রাখতে। মনোনয়নপত্র দাখিলের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় বা ব্যাংকের লেনদেনের কোনো বিষয় থাকলে, সেটা যেন সম্ভাব্য প্রার্থীরা বা তাদের এজেন্টরা ঠিকমতো সম্পন্ন করতে পারেন।