তিস্তার বুকে আর কোনো বিক্ষিপ্ত প্রকল্প বাস্তবায়ন হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা নিয়ে কিছু প্রকল্প গ্রহণ করেছিল। তিস্তার বুকে আর কোনো বিক্ষিপ্ত প্রকল্প বাস্তবায়ন হবে না। আমরা সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা নদী শাসন, খনন, তিস্তাপাড়ের মানুষের দাবি বাস্তবায়ন করব।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা আন্দোলনের সঙ্গে আমি জড়িত। তিস্তাপাড়ের সন্তান আমি। রংপুরের ২ কোটি মানুষের আকাঙ্খা তিস্তাকে ঘিরে। আমরা সবেমাত্র সরকার গঠন করেছি। এই মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের দুই মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
মন্ত্রী বলেন, ভবিষ্যতে রংপুর যাতে বাজেটে কোনো বৈষম্যের শিকার না হয় সেদিকে খেয়াল রাখা হবে। বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার। সরকার জনগণের দাবি অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প সময়ের ভেতরে বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী রংপুরে এসে কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পকারখানা তৈরির কথা বলেছেন। রংপুর অঞ্চল খাদ্য উৎপাদনে ভালো ভূমিকা রাখে। এখানকার শ্রম সস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তাই অন্য অঞ্চলের মতো রংপুর বিভাগেরও সমহারে উন্নয়ন হবে। এ সময় শিল্পকলকারখানা নির্মাণ করে রংপুরকে এগিয়ে নেয়ার কথা জানান তিনি।
এর আগে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ত্রাণমন্ত্রী। সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।










