মিয়ানমার সীমান্তে সংঘর্ষের ঘটনায় সরকারের অবস্থান অস্পষ্ট বলে মন্তব্য
করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি
বলেন, মিয়ানমারের সৈন্য দেশে ঢুকে পড়ছে, তাদের ছোড়া গোলাবারুদে দেশের মানুষের প্রাণহানি
হচ্ছে। মিয়ানমারের সৈন্যরা দেশে ঢুকে পড়লে সরকারের করণীয় নিয়ে সিদ্ধান্ত থাকতে হবে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয়
কার্যালয়ে জেলা, মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের সমন্বয়ে যৌথ কর্মীসভায় এ সব কথা বলেন
তিনি।
জিএম কাদের বলেন, দেশবাসীর কাছে সুস্পষ্টভাবে সরকারকে সেই বক্তব্য
তুলে ধরতে হবে। আমরা সীমান্তের গোলাগুলি নিয়ে উদ্বিগ্ন। কূটনৈতিকভাবে এ সমস্যা সমাধান
করা উচিৎ।
তিনি বলেন, মিয়ানমারে হঠাৎ যুদ্ধের কারণে বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গা
এসেছে। এখন যদি নতুন করে আরো মানুষে দেশে ঢুকে পড়ে, তবে নিশ্চিতভাবে সেটি আমাদের জন্য
বড় বোঝা হয়ে দাঁড়াবে। দেশে সমস্যা আরো ব্যাপকভাবে হবে। এ জন্য সরকারকে সর্তক থাকতে হবে।
আসন্ন রমজানে দ্রব্যমূল্যের দাম প্রসঙ্গে জাপার চেয়ারম্যান বলেন,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না সরকার। তারা যেসব পদক্ষেপ নিয়েছে তা কার্যকর হচ্ছে না। সঠিক পদক্ষেপ বাস্তবায়ন করতে তারা ব্যর্থ হচ্ছে। তাই রমজানে
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আমি আশাবাদী নই।
তিনি বলেন, ১৯৯৬ সালে ও ২০০১ সালে জাতীয় পার্টি থেকে অনেকে চলে গিয়ে
দল গঠন করেছিল। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শকে
ধারণ করে যে কেউ দল গঠন করতে পারে। বর্তমানে যারা দল গঠন করতে যাচ্ছে, তারা জাতীয় পার্টির
কেউ না। দল করার অনেক নিয়ম রয়েছে। দলের নিবন্ধন নিতে হলে অনেকগুলো শর্তপূরণ করতে হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সিটি করপোরেশনের
মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর
রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির
চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিনসহ অনেকে।










