রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গুচ্ছভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসহ রাঙ্গামাটি সরকারি কলেজ উপকেন্দ্রে পরীক্ষায় ২ হাজার ২০৮ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিল ২ হাজার ৩৫৭ জন শিক্ষার্খী। উপস্থিতির হার ছিল ৯৪ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জুয়েল সিকদার এবং রাবিপ্রবি’র জিএসটি ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমারা তার সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ২০২২ এর 'বি' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ আগস্ট ২০২২ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।