বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রকিকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরতলীর ফাঁপোর হাটখোলায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ফাঁপোর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং ফাঁপোর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। রকি পরিবার নিয়ে থাকতেন বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায়।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রকিকে খুন করেছে সন্ত্রাসীরা।

গতকাল মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রকি ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে প্রায়ই ফাঁপোর এলাকায় দলীয় ও ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রকি ফাঁপোর হাটখোলা মাঠে লোকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ১০টায় মারা যান।