রাজশাহীর দুর্গাপুরে নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর বাজারের তাহেরপুর সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন কারখানা মালিক নগরীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকার নাদের আলীর ছেলে নূর মোহাম্মদ (৩০), কর্মচারী একই এলাকার সাদের আলীর দুই ছেলে মো. রোস্তম ওরফে রাজু (২৮) ও মোস্তাকিন আলী (২২)।

গতকাল জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সাংবাদিকদের জানান, দুর্গাপুর সদরে একটি ভাড়া বাসায় বিভিন্ন কোম্পানির নকল ও ভেজাল প্রসাধনী তৈরি  হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে তাহেরপুর সড়কের ওই বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।

অভিযানে প্রসাধনী তৈরির মেশিন, ভেজাল সাদা ক্রিম জাতীয় পদার্থ, ২০ লিটার তরল কেমিক্যাল, ১০ কেজি জেল জাতীয় সাদা ক্রিম, ২০ কেজি পাউডার জাতীয় পদার্থ এবং ‘লতা হারবাল’ নামের দেড় হাজার প্যাকেট ও দুই হাজার পিস প্লাস্টিকের কোটা জব্দ করেছে পুলিশ। ওই অভিযানে দুই কর্মীসহ আটক হন কারখানামালিক।

পুলিশ সুপার আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন তারা নকল ও ভেজাল প্রসাধনী প্রস্তুত করে রাজধানীর চকবাজারসহ দেশের বিভিন্ন মার্কেটে সরবরাহ করতেন। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।