ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট রেখে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতির উদ্দেশে গতকাল সন্ধ্যায় দেয়া রেকর্ডেড ভাষণে তিনি ভোটের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের পরদিন অর্থাৎ ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। একই দিনে দেয়া হবে প্রতীক বরাদ্দ।
সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৮ দিন সময় দেয়া হয়েছে এবং প্রচারের জন্য রাখা হয়েছে ২০ দিন। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার শেষ হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদাকালো, গণভোটের রঙ হবে গোলাপি। ভোটের দিন থাকবে সাধারণ ছুটি।
সিইসি এএমএম নাসির উদ্দিন তার ভাষণে জানান, এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটার তালিকায় নতুন অন্তর্ভুক্তি ও সংশোধন নিয়ে সিইসি জানান, ২১ লক্ষাধিক মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। নারী ভোটারদের যথাযথ অন্তর্ভুক্তির অভাবে পুরুষের সঙ্গে নারী ভোটারের ব্যবধান ২৯ লাখে গিয়ে দাঁড়ায়। এবারে বাদ পড়া নারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সে ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে।
প্রবাসী বাংলাদেশী ভোটাররা এবার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই কেবল দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। এখন ইসিতে নিবন্ধিত দল আছে ৫৬টি। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। ফলে এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না ক্ষমতাচ্যুত দলটি। নিবন্ধিত অন্য দলগুলোর বাইরে প্রার্থী হওয়ার যোগ্য যেকোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২১ নভেম্বর এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন। আগামী নির্বাচনই হবে এ কমিশনের অধীনে প্রথম কোনো ভোট। এবার জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট থাকায় সময় ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি। তাই এবার ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এছাড়া ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটির পক্ষ থেকে।
নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাকেও চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে জানিয়েছে, তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয়, সে লক্ষ্যে কাজ করবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর প্রায় নয় লাখ সদস্য নিয়োজিত থাকবেন, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য এরই মধ্যে রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হয়েছে।
তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের বাড়তি সাংবিধানিক ক্ষমতা কার্যকর হয়েছে। এখন থেকে কোনো বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে কমিশনের অনুমতি ছাড়া বদলি করা যাবে না। প্রয়োজনে কমিশন নিজ উদ্যোগেও কর্মকর্তাদের বদলি করতে পারবে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও কমিশনের রয়েছে। এরই মধ্যে অধিকাংশ আসনে জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই, প্রতীক বরাদ্দ ও ফলাফল ঘোষণার দায়িত্ব পালন করবেন।
ভাষণে সিইসি রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘আসুন আচরণবিধি মেনে শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন করি। ভোটের আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। কমিশন স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। সবার প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এ দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন এ আমার বিশ্বাস। যেকোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। ধর্ম, গোত্র, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সবাই এ আনন্দ আয়োজনে অংশগ্রহণ করুন। পরিবারের প্রতিবন্ধী, বয়স্ক ও সন্তানসম্ভবা মাসহ সবাইকে নিয়ে ভোট দিতে আসুন।’
এ ভাষণে অপতথ্য নিয়ে সতর্কতা ও আইন প্রয়োগের বার্তাও দেন প্রধান নির্বাচন কমিশনার। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো নিয়ে তিনি বলেন, ‘বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়ে থাকে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অসত্য তথ্য ও অপতথ্যের বিস্তার দিনকে দিন বেড়ে চলেছে। প্রতিপক্ষ দল ও প্রার্থীকে হেয় করার পাশাপাশি নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা আমাদের ঐতিহ্যকে ক্ষুণ্ন এবং নির্বাচনকে কলুষিত করে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নির্বাচনে দায়িত্ব পালন করতে যাওয়া কর্মকর্তাদের উদ্দেশে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসেবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না।’
৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে ইসি। এর মধ্যে চারটি আসনে নির্বাচন কমিশনের তিন নিজস্ব কর্মকর্তাকে রাখা হয়েছে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন।
মনির হোসেন বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং তিনজন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাসহ মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে। আর খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন খুলনা-৩ আসনে।
এদিকে ইসি সূত্রে জানা গেছে, ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্যে ৫৪ জনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে রাখা হয়েছে।










