খুলনা টাইগার্সের জয়ে ও রংপুর রাইডার্সের হার দিয়ে শুরু হলো দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব। গতকাল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুপুরের ম্যাচে রংপুরকে ২৮ রানে হারিয়ে দেয় খুলনা। চলতি আসরে তিন ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেল দলটি। আর রংপুরের এটা তিন ম্যাচে দ্বিতীয় হার।

সিঙ্গাপুরে চোখের চিকিৎসা করিয়ে বৃহস্পতিবার রাতে সিলেটে দলের সঙ্গে যোগ দেয়া সাকিব আল হাসান গতকাল রংপুরের হয়ে ম্যাচ খেলতে নামেন। যদিও অভিজ্ঞতা সুখকর হলো না। হেরেছে তার দল।

এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা দ্বিতীয় ওভারের প্রথম বলেই হারায় অধিনায়ক এনামুল হক বিজয়কে। শেখ মেহেদী হাসানের বলে সীমানার কাছে রনি তালুকদারকে ক্যাচ দেন তিনি। প্রথম ওভারে মাত্র ২ রান দেন আফগান পেসার আজমতুল্লাহ ওমরজাই। পরের ওভারে আক্রমণে এসেই সাফল্য পান মেহেদী হাসান। 

দলীয় ৬৪ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ও এভিন লুইসও। দলের বিপর্যয়ে হাল ধরেন দুই বিদেশী দাসুন শানাকা (৩৩ বলে ৪০) ও মোহাম্মদ নওয়াজ (৩৪ বলে ৫৫)। তাদের ৭৭ রানের পার্টনারশিপে ভর করে ৬ উইকেটে ১৬০ রানের পুঁজি পায় খুলনা। রংপুরের হাসান মাহমুদ ২০ রানে তিনটি ও মেহেদী হাসান ২০ রানে দুটি উইকেট নেন। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া রংপুর ১৮.৪ ওভারে ১৩২ রানে গুটিয়ে যায়। আফগান তারকা মোহাম্মদ নবির লড়াকু ফিফটির (৩০ বলে ৫০) পরও হেরে যায় রংপুর। শানাকা ১৬ রানে চারটি এবং নওয়াজ ১৩ রানে ও মোহাম্মদ ওয়াসিম ৩১ রানে দুটি করে উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন শ্রীলংকার দাসুন শানাকা।

গতকাল রাতের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৫২ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।