রাজধানীর গুলশান থানার একটি প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। খবর বিবিসি বাংলা।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টায় গুলশান-২ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদ। তিনি বলেন, কিছুক্ষণ আগে গুলশান-২ থেকে প্রতারণার মামলায় সাজা পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গণমাধ্যমকে জানান, এদিন রাত সাড়ে ৮টার দিকে গুলশান অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় একটি প্রতারণা মামলা হয়। ওই মামলার বিচার শেষে বিদিশার দুই বছরের সাজা হয়। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।