বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার প্রতিদিনই বাড়ছে। গতকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে প্রায় ৬০ শতাংশে।

জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১১২ জনের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়েছে। সে হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫৯ দশমিক ৫৭ শতাংশ। এর আগের দিন পরীক্ষায় শনাক্তের হার ছিল ৫৯ দশমিক ৪ ভাগ। এ সময় ১৮৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১১১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ও করোনা ওয়ার্ডের রোগী ভর্তি যেকোনো সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বরিশাল বিভাগেও প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ভাঙছে একের পর এক শনাক্তের রেকর্ড। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগটিতে সর্বোচ্চ ৪৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবত্কালেরও সর্বোচ্চ। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৩। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৩।

এদিকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন আইসোলেশন ওয়ার্ডে। দুজন করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করে। এছাড়া পিরোজপুর ও ঝালকাঠি জেলায় দুজন করে চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা  দাঁড়িয়েছে ৩২১। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

রোগীর চাপ বাড়ার কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, গত বছর মার্চে করোনা ওয়ার্ডের শুরুতে শয্যা সংখ্যা ছিল ১৫০। তবে রোগী বাড়ায় আরো শয্যা বাড়িয়ে এখন ২৫০ বেডে উন্নীত করা হয়েছে। এর মধ্যে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ২২০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।