নওগাঁ সদর উপজেলার সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুস, দুর্নীতি ও হয়রানির ৩৯টি অভিযোগের গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ গণশুনানির আয়োজন করে দুদক সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলমান গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) জহুরুল হক।
তিনি বলেন, ‘বিশ্বের কোনো দেশে সংবিধানের মালিকানা জনগণকে দেয়া হয়নি। যেটা বাংলাদেশের জনগণকে দেয়া হয়েছে। এ দেশের জনগণকে সেবা দিতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য। সংবিধানের অনুচ্ছেদ ২০-এর খ-তে বলা হয়েছে “অনুপার্জিত কোনো আয় কেউ ভোগ করতে পারবে না।” অর্থাৎ যে আয়টি ঘুস, অন্যায়, চাঁদাবাজি-ধান্ধাবাজির মাধ্যমে পাওয়া সেটা আমরা ভোগ করতে পারব না। সেটা আমরা পারিনি বলেই দুর্নীতি দমন কমিশনের উৎপত্তি হয়েছে। তাই যেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হচ্ছে সেটার যেন পুনরাবৃত্তি না ঘটে।’










